KHOKON

_

আমার স্বপ্নগুলো - অসীম সাহা

বাংলা কবিতা
আমার স্বপ্নগুলো অসীম সাহা আমার স্বপ্নগুলো টুকরো-টুকরো করে সাজিয়ে রেখেছি আমি সোনার থালায়। স্বর্গ থেকে হঠাৎ এসেছে নেমে এই থালা আমার উঠোনে। আমি তাকে সন্তর্পণে তুলে এনে আমার বুকের বৃত্তে কেন্দ্রবিন্দুর মতো স্থাপন করেছি; আর সেই স্বপ্নগুলো রোমক-মূর্তির মতো পড়ে আছে দীর্ঘ প্রতীক্ষায়। চরাচরে কেউ নেই-গভীর অরণ্য থেকে পাখিগুলো উড়ে গেছে অচেনা আকাশে-কোলাহল-মুখরিত হস্তিনায় ডুবে যাচ্ছে মহাদূত, প্রাকৃত নিয়মে সেই বীরগণ এখনো ফেরেনি, যুবকের বেশ ধরে আসেনি সে পথ প্রদর্শক-দেবদূত রাফায়েল ফিরে যাচ্ছে একা-একা ব্যর্থ মনোরথ-সোনার থালায় কাঁদে নিঃসঙ্গ পালক। আমি কি শূন্য বুকে এমন সোনার থালা আগলে রেখে বসে থাকবো অনন্তকাল-কপূরের মতো দ্রুত উড়ে যাবে থরে-থরে দৃশ্যমান স্বপ্ন আমার? এই প্রশ্নে কেঁপে ওঠে বুক। তখনি সাগর থেকে উঠে আসে ক্রুদ্ধ শুশুক; হাত রাখে সোনার থালায়-ধাবমান অশ্বারোহী মুহূর্তেই স্বপ্নগুলো কেড়ে নিয়ে গোধূলির অন্ধকারে মিশে যায় গহন অরণ্য-পথে বিহ্বল হাওয়ায়। আমি একা বসে থাকি নদীতীরে নিঃসঙ্গ ধীবর আমার দু'চোখে নাচে মধ্যরাতে ডুবে যাওয়া মাতাল তরণী।