বাংলা কবিতা
অথবা শীতল দিঘি
আবু জাফর ওবায়দুল্লাহ
এক.
কবিতা গানের শুরু
ভরা ক্ষেত ধান-কাটা গান
অথবা শীতল দিঘি
গুটি কয় হাঁস
ঢেঁকিতে কিশোরী পা
ঘাসের ফড়িং;
নদীতে ভিজিয়ে গা
দুপুরের রোদ
একা ডালে হড়িয়াল
রাঙা বটফল;
অথবা জোনাক পোকা
মাঝরাতে গানের কোকিল।
দুই.
দড়িতে ছড়ানো মেঘ
বিধবার শাড়ি
জুইফল
সাদাবক শ্বেতচন্দন
সুঘ্রাণ
মৃতের কাফন।
তিন.
আকাশে কাপাশফুল
তুলতুলে বৃষ্টির গুঁড়ি
ভাঙা ডাল অপরূপ
কালো কাক সেও সুন্দরী।
চার.
বৃষ্টি
বৃষ্টি এলে
ঝিঙে লাউ
কুমড়োর ফুল
মাচানে
হলুদ পাখি
সুখে
চান করে।
পাঁচ.
জল দাও ধান পাবে।
বৃষ্টির সুধা
নতুন চালের পিঠা,
অথবা বৃষ্টি
বর্গির ঘোড়া
ধান কাড়ে ঘর ভাঙে।
ছয়.
তিতাস সুন্দর নদী বিশেষ যখন
কার্তিকে চাঁদ তার মুখ দেখে জলে।
রূপসি যুবতী অঙ্গের সুবাস
ছড়ায়। জেলেডিঙি সুগন্ধী মাছ।
সবুজ ধানের ক্ষেত পৌষে উঠানে
পূর্ণিমা। তিতাসের জলের প্রসাদ।
তিতাস সুন্দর নদী সোনার কাঁকই
কার্তিকে চাঁদ তার মুখ দেখে জলে।
সাত.
পদ্মার সরু চর
কুমারীর সিঁথি
জলের চুলের ভিড়ে
রোদের ইলিশ;
হঠাৎ উদ্ধত
তাজা হৃৎপিণ্ড
ছিঁড়ে যুবকেরা
পরায় সিন্দুর।
KHOKON