সুনীল গঙ্গোপাধ্যায় (Sunil Gangopadhyay) (১৯৩৪–২০১২) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও বহুমুখী স্রষ্টা, যিনি কবিতা, উপন্যাস, ছোটোগল্প, শিশুসাহিত্য ও প্রবন্ধ—সব ক্ষেত্রেই অসামান্য অবদান রেখেছেন। অধুনা বাংলাদেশের মাদারীপুরে জন্মগ্রহণ করে শৈশবে কলকাতায় স্থায়ী হওয়া এই সাহিত্যিক আধুনিক বাংলা কবিতায় জীবনানন্দ দাশ-পরবর্তী ধারার অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত; তাঁর কবিতায় আধুনিকতা ও রোমান্টিকতার এক স্বতন্ত্র সংমিশ্রণ লক্ষ করা যায় এবং বহু পঙ্ক্তি সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত। ১৯৫৩ সালে ‘কৃত্তিবাস’ পত্রিকার মাধ্যমে তিনি আধুনিক কবিতার এক নতুন আন্দোলনের সূচনা করেন এবং একাধারে “নীললোহিত”, “সনাতন পাঠক”, “নীল উপাধ্যায়” ইত্যাদি ছদ্মনামে সাহিত্যে ভিন্ন ভিন্ন সত্তা নির্মাণ করেন। সেই সময়, প্রথম আলো, পূর্ব পশ্চিম, অরণ্যের দিনরাত্রি প্রভৃতি উপন্যাসে তিনি ইতিহাস, সমাজ ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে শিল্পরূপ দিয়েছেন, আর শিশুসাহিত্যে ‘কাকাবাবু’ সিরিজ তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। সাহিত্য অকাদেমি পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে আধুনিক চেতনার এক দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে স্মরণীয়। ২৩ অক্টোবর ২০১২ তারিখে হৃদ্যন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন। ২০০৩ খ্রিষ্টাব্দে ৪ এপ্রিল সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতার ‘গণদর্পণ’-কে সস্ত্রীক মরণোত্তর দেহ দান করে যান। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্রসন্তান সৌভিক গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেতে তাঁর দেহ দাহ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় ২৫ অক্টোবর ২০১২ তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। (উৎস: উইকিপিডিয়া)