KHOKON

_

অকর্ষিত হিয়া - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বাংলা কবিতা
অকর্ষিত হিয়া রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রস্তুত ছিলো প্রেম, তুমি শুধু হাত তুলে ডেকেছো তারে--- যজ্ঞের জোগাড় শেষে তুমি শুভ্র এলে পুরোহিত, চুম্বন সাজানো ছিলো, তুমি এসে ছোঁয়ালে অধর অধরের 'পরে। সমস্ত পরান জুড়ে যে-অম্লান ফলভারে নত তুমি তার ঘ্রান পেয়ে এলে যেন শ্যামল, কিষান, এলে মাটির মরমে রেখে মনেরম মৌন ক্ষত। তৃষ্ণার তিমিরে জেগে ভালোবাসা বুনেছি একাকি, আজ তার ভাঙা-ম্লান দিনগুলো মুছে যায় দ্রুত নীড়ের নিবিড় কোলে ফিরে আসে স্বপ্নময় পাখি। লাবন্য-লতার মতো চোখে নামে সবুজাভ স্নেহ, কিসের আড়ালে ছিলো এতোদিন এই ব্যথা-সুখ এই মুগ্ধ মৌন বোধ, ভালোবাসা অনাবাদী দেহ? কিসের আড়ালে ছিলো, কিসের আড়ালে ছিলো এই তনু, অকর্ষিত হিয়া! আঁধারে প্রস্তুত ছিলো অপরূপ স্নিগ্ধ-অন্ধ প্রেম শ্যামল কিষান তুমি খুলে দিলে দেহের শিকল, হৃদয়ের রাত ছিঁড়ে এলো রোদ, ভালোবাসা, মুগ্ধবোধ ফসলের হেম॥