KHOKON

_

অন্য প্রভু - বুদ্ধদেব বসু

বাংলা কবিতা
অন্য প্রভু বুদ্ধদেব বসু রাজত্ব দিয়েছো, প্রভু, সকলেরে : শুধু নয় বাংলার জঙ্গলে আগুন‑রঙের বাঘ, আল্পসের কল্পনা‑কৈলাসে দারুণ ঈগল, বারুণী বরফে তপ্ত তিমি, শুধু দীপ্ত দৃপ্ত দুর্জয়েরে নয়, দিয়েছো সবারে স্বত্ব সহজাত রাজত্বের : ঘোলা‑জল ধোবার ডোবায় গলা‑ডোবা কালো মোষ ভাদ্রের রোদ্দুরে, গলা‑ফোলা, গলা‑খোলা ব্যাং বৃষ্টিশেষ বিকেলের হলুদ রোদ্দুরে, মেঘলা দুপুরে আকাশে একলা কাক, কার্তিকের রাত্তিরের পোকা, মারীমত্ত মাছি, রাক্ষস টিকটিকি : ---- সকলেরে রাজত্ব দিয়েছো, প্রভু, সকলেরই প্রভুত্ব নিয়েছো মেনে | --- এ‑স্বারাজ্য‑সাম্রাজ্যে শুধু কি বঞ্চিত শুধু কি আমি ? ---- আমি কবি ! শুধু আমি রাজ্যচ্যূত ---- নির্বাসিত ? ---- অন্ন, শুধু প্রত্যহের অন্ন দিয়ে আমার রাজত্ব নিলে কেঁড়ে ? শুধু আমি প্রতি মুহূর্তের অস্তিত্বের অস্বস্তির দাস ? --- সত্যি তা‑ই ? --- না কি আমি, কবি‑আমি, কোলের কুকুর কিংবা জুয়োর ঘোড়ার মতো, সব, সব স্বত্ব হারায়েছি অন্য, হীন প্রভু মেনে নিয়ে !