KHOKON

_

আর-কিছু নাহি সাধ - বুদ্ধদেব বসু

বাংলা কবিতা
আর-কিছু নাহি সাধ বুদ্ধদেব বসু আর-কিছু নাহি সাধ | জানি, মোর তরে নহে জয়মাল্য, যশের মুকুট ; বিশ্বের কবিরা যত জ্বলিছে নক্ষত্র হয়ে রজনীর শ্যামল অঞ্চলে--- সেথা মোর নাহি স্থান | আমার বন্দনা-গান জাগিবে না নীল নভতলে ; মোর করস্পর্শ কভু লভিবে না শ্রদ্ধাসিক্ত অভিষেক-পল্লবসম্পুট | মানবের চিত্ততীর্থে নিত্যস্বর্গ নহে মোর : মরণের তিক্ত কালকূট আমার চরম ভাগ্য | একবিংশ শতাব্দীর কোনো সপ্তদশী লীলাচ্ছলে— মনে জানি--- পড়িবে না আমার কবিতাখানি জ্যোত্স্না-স্নাত বাতায়ন-তলে ; সতীর্থের হৃদ্পদ্মে গন্ধরূপে ক্ষণিকের স্মৃতিস্বপ্ন --- জানি , তাও ঝুট | তবু যে জাগিছে আজি সংগীত-তরঙ্গ-ভঙ্গ হৃদয়ের হিম সরোবরে--- সে শুধু তোমারি লাগি’ | তোমারে যে পেয়েছিনু সর্বদেহে, মর্মে-মনে-প্রাণে, পেয়েছিনু বিরহের স্পন্দমান অন্ধকারে, মিলনের নিস্পন্দ বাসরে--- সে-কথা কহিতে চাই আকাশেরে, ধরণীরে, তৃণপত্রে, সমুদ্রের কানে ;--- পারি না বহিতে এই পরিপূর্ণতার ভার একা-একা আপন অন্তরে, সহস্রের মাঝে তাই আপনারে বিতরণ ক’রে যাই লক্ষ গানে-গানে