বাংলা কবিতা
অসম্ভবের গান
বুদ্ধদেব বসু
বৃথাই জপিয়েছি তোমারে মন,
থামাও অস্থির চ্যাঁচামেচি |
কোথায় অর্জুন ! কোথায় কামরূপ !
এক বসন্তেই শূন্য তুণ |
এক বসন্তেই শূন্য তুণ ?
তাহ’লে আজো কেন শান্তি নেই ?
কেন বিচক্ষণ যুধিষ্ঠির
পাঞ্চালীরে রাখে পাশায় পণ ?
কোনো বিচক্ষণ যুধিষ্ঠির
জানে না কেন এই পরিশ্রম,
জানে না সন্ধ্যায় ক্লান্ত পাখা
হঠাৎ কাঁপে কোন আকাঙ্ক্ষায় |
হঠাৎ কাঁপি কোন আকাঙ্ক্ষায়---
বৃথাই জপালাম তোমারে, মন---
উন্মাদিনী পাশা বরং ভালো,
আজো কি চিত্রাঙ্গদার আশা ?
বরং প্রোজ্জল জুয়োর চোখে
দ্যাখো-না ডুব দিয়ে কোথায় তল,
কিংবা মদিরার উদার বুকে
পাবে তো অন্তত অন্ধকার |
এখানে কিছু নেই, অন্ধকার,
শূন্য তুণ এক বসন্তেই,
এ-বনে কেন তবে আবার খোঁজো
অনিশ্চয়তার অসম্ভবে !
অনিশ্চয়তার অন্বেষণে
পাঞ্চালীরে পেয়েছিলে সেবার,
সে আজ এতদূর বিখ্যাত যে
স্বয়ং কৃষ্ণের সে-ই মধুর |
ফসল অন্যের, তোমার শুধু
অন্য কোনো দূর অরণ্যের
পন্থহীনতার স্বপ্নে কেঁপে ওঠা
কোন অসম্ভব আকাঙ্ক্ষায় |
স্বপ্ন ওঠে রোল--- কোথায় কামরূপ
কাঁপছে চিত্রাঙ্গদার ঠোঁটে !
হে বীর, ভাঙো ভুল ! ব্রহ্মচারী তুমি ?
--- আবার বসন্তের হুলস্থূল
আবার বসন্তের হুলুস্থূল
ব্রহ্মচারী তুমি, সব্যসাচী !
থামে না চ্যাঁচামেচি ! যদি অসম্ভব
তবে এ-তৃষ্ণার কোথায় মূল ?
KHOKON