বাংলা কবিতা
অসূর্যম্পষ্যা
বুদ্ধদেব বসু
শ্যাম মেঘপুঞ্জ যথা ঢেকে রাখে আকাশের লজ্জাহীন নীলিম নগ্নতা,
বিদ্রোহী তৃণের দল অনাবৃতা ধরিত্রীর রুক্ষ বক্ষে পরায় বসন,
প্রেমের পবিত্র ব্যথা আচ্ছাদন করি’রাখে কুমারীর কাম-চঞ্চলতা ;---
তেমনি ঢাকিয়া রাখো তোমার রূপের স্বপ্নে আমার সমস্ত প্রাণমন |
দৃশ্যমান জগতের চিহ্ন যথা লুপ্ত হয় অমাবস্যা-আঁধার-জোয়ারে,
হে অসূর্যস্পর্শ্যা, তব রূপের বন্যার স্রোতে মৃত্যু মোর ঘটুক তেমনি,
নিঃশেষে নিমগ্ন হয়ে নিজেরে হারাই যেন আনন্দে নীরন্ধ্র অন্ধকারে,
ঝরুক তোমার প্রেম, আকাশের ফাঁকে-ফাঁকে কারা যথা ঝরায় রজনী |
তনুর ললিত ছন্দে রচিয়াছো তিলে-তিলে অপরূপ যে-কবিতাখানি,
আমার ধ্যানের মন্ত্রে নিয়ত ধ্বনিত হোক মৌন তার সুরের ঝংকার ;
প্রাণের মৃন্ময় দীপে অগ্নির অক্ষর এঁকে লিখিয়াছো যে-অপূর্ব বাণী,
মর্মের অরণ্যে মোর মর্মরি’ উঠুক দুলি’ সংগীতের তরঙ্গ তাহার |
হৃদয়ের সব সুধা সঞ্চিত করিছো যেথা গোপনের আবরণ টানি’,
মনের কামনা মোর একটি কুসুম হ’য়ে সেখানে করুক নমস্কার |
KHOKON