বাংলা কবিতা
অনির্বাচন
কামিনী রায়
যাহা আছে রেখে যাই, বাছিতে সময় নাই,
বুঝি না জমেছে গীত যত,
কি যে তার দামি, কি যে খেলো,
কি যে শুধু কথা এলোমেলো,
কতটুকু প্রাণহীন কতটুকু বাঁচিবার মতো।
আছে কিছু চিরন্তন সর্ব দেশে কালে
মানব প্রাণের অন্তরালে,-
কখনো ধ্বনিয়া উঠে ছন্দে আর সুরে
শুনিতেই স্বতঃ প্রাণে প্রতিধ্বনি জাগে,
জানে যাহা জানে নাই আগে,
আঁধার আলোকে যায় পুরে।
সেইটুকু অজানার চাবি,
সেটুকুতে সকলেরি দাবি;
নিজস্বতা কারো তাতে নাই।
যদি মোর কোনো ক্ষুদ্র গীতে
পশে তাহা থাকে কোন চিতে,
সব-কটা তাই রেখে যাই।
বিচিত্রা, চৈত্র ১৩৩৭
KHOKON