KHOKON

_

আরম্ভে - সত্যেন্দ্রনাথ দত্ত

বাংলা কবিতা
আরম্ভে সত্যেন্দ্রনাথ দত্ত বাতাসে যে ব্যথা যেতেছিল ভেসে, ভেসে, যে বেদনা ছিল বনের বুকেরি মাঝে, লুকানো যা ছিল অগাধ-অতল দেশে, তারে ভাষা দিতে বেণু সে ফুকারি বাজে! মুকের স্বপনে মুখর করিতে চায়, ভিখারি আতুরে দিতে চায় ভালোবাসা, পুলক-প্লাবনে পরান ভাসাবে, হায়, এমনি কামনা-এতখানি তার আশা! হৃদয়ে যে সুর গুমরি মরিতেছিল, যে রাগিণী কভু ফুটেনি কণ্ঠে-গানে, শিহরি, মুরছি, সেকি আজ ধরা দিল, -কাঁপিয়া, দুলিয়া, ঝঙ্কারে-বীণাতানে? বিপুল সুখের আকুল অশ্রুধারা, -মর্মতলের মর্মরময়ী ভাষা, -ধ্বনিয়া তুলিবে-স্পন্দনে হয়ে হারা, এমনি কামনা-এতখানি তার আশা! কতদিন হল বেজেছে ব্যাকুল বেণু, মানসের জলে বেজেছে বিভোল্ বীণা, তারি মূর্ছনা-তারি সুর রেণু, রেণু, আকাশে-বাতাসে ফিরিছে আলয়হীনা। পরান আমার শুনেছে সে মধু-বাণী, ধরিবারে তাই চাহে সে তাহারে গানে, হে মানসী-দেবী! হে মোর রাগিণী-রানী! সে কি ফুটিবে না 'বেণু ও বীণা'র তানে?