KHOKON

_

ইলশে গুঁড়ি - সত্যেন্দ্রনাথ দত্ত

বাংলা কবিতা
ইলশে গুঁড়ি সত্যেন্দ্রনাথ দত্ত ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি ইলিশ মাছের ডিম| ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি দিনের বেলায় হিম| কেয়াফুলে ঘুণ লেগেছে, পড়তে পরাগ মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ হেসেছে আলতা-পাটি শিম্| ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি, রোদ্দুরে রিম্ ঝিম্| হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ, - ইলশে গুঁড়ির নাচন্ দেখে নাচছে ইলিশ মাছ| কেউ বা নাচে জলের তলায় ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায়, নদীতে ভাই জাল নিয়ে আয়, পুকুরে ছিপ গাছ| উলসে ওঠে মনটা, দেখে ইলশে গুঁড়ির নাচ| ইলশে গুঁড়ি পরীর ঘুড়ি কোথায় চলেছে, ঝমরো চুলে ইলশে গুঁড়ি মুক্তো ফলেছে! ধানেক বনে চিংড়িগুলো লাফিয়ে ওঠে বাড়িয়ে নুলো; ব্যাঙ ডাকে ওই গলা ফুলো, আকাশ গলেছে, বাঁশের পাতায় ঝিমোয় ঝিঁঝিঁ, বাদল চলেছে| মেঘায় মেঘায় সূর্য্যি ডোবে জড়িয়ে মেঘের জাল, ঢাকলো মেঘের খুঞ্চে-পোষে তাল-পাটালীর থাল| লিখছে যারা তালপাতাতে খাগের কলম বাগিয়ে হাতে তাল বড়া দাও তাদের পাতে টাটকা ভাজা চাল; পাতার বাঁশী তৈরী করে' দিও তাদের কাল| খেজু পাতায় সবুজ টিয়ে গড়তে পারে কে? তালের পাতার কানাই ভেঁপু না হয় তাদের দে| ইলশে গুঁড়ি - জলের ফাঁকি ঝরছে কত বলব তা কী? ভিজতে এল বাবুই পাখী বাইরে ঘর থেকে; - পড়তে পাখায় লুকালো জল ভিজলো নাকো সে| ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি! পরীর কানের দুল, ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি! ঝরো কদম ফুল| ইলশে গুঁড়ির খুনসুড়িতে ঝাড়ছে পাখা - টুনটুনিতে নেবুফুলের কুঞ্জটিতে দুলছে দোদুল দুল্; ইলশে গুঁড়ি মেঘের খেয়াল ঘুম-বাগানের ফুল|