বাংলা কবিতা
অনির্বাচন
কামিনী রায়
হে অনাদি, হে অনন্ত, হারায়ে সন্তান
বিশ্ব হেরি মাতৃহীন। শিশু বুকে ধরি,
জননী কি স্বপ্নাবেশে নিজে দেয় ভরি
মাতৃস্নেহে মহাবিশ্ব? স্নেহসিক্ত প্রাণ,
একটি প্রদীপ যেন, একটি সে গান,
আপনি কি নয় ব্যক্ত আলোকিত করি
যা থাকে আঁধারে লুপ্ত? ব্রহ্মাণ্ড আবরি
একি চিতাধূম তবে দেখায় শ্মশান?
নিষ্ঠুর সৌন্দর্য্য আজ মুখে প্রকৃতির,
মমতাবিহীন হাস, উপহাস তার,
দ্বিগুণ ব্যথায় ভরে ব্যথিত হৃদয়;
শোকার্ত ধূলায় যবে ঢালে অশ্রুনীর
কোথায় বহিছে ধারা সম-বেদনার,
ওহে বিশ্বরূপ দেব, ওহে সর্বময়?
KHOKON