বাংলা কবিতা
অনেকগুলো বাড়ি
নবারুণ ভট্টাচার্য
দুঃখী লোকেদের বাড়ির চেয়ারগুলো কাঁদে;
তাদের পায়ের কাছে জল ছপ-ছপ করে।
দুঃখী লোকেদের বাড়ির দেয়ালগুলোও কাঁদে;
দেওয়ালের ছবির মধ্যেও ভাপ জমে কান্নার।
কত বাড়ি আছে, কত অশ্রুময়!
চোখের সামনে তারা টলমল করে ওঠে।
দুঃখী লোকেদের বাড়ির বারান্দা, মাদুর, পাপোষ
সব কান্নায় ভিজে থাকে;
সেখানে রোদ্দুর বা ক্যামেরার ফ্ল্যাশও ঝাপসা ভিজে হয়ে যায়।
এরকম অনেকরকম বাড়ি আছে—
রুগি লোকেদের বাড়ি,
ছেড়ে চলে যাওয়া লোকেদের বাড়ি,
অথবা ফেরারের বাড়ি, যে ফিরে আসবে;
নয়তো চাঁদের আলোয় আত্মহত্যার বাড়ি,
যেখানে কেউ ফিরে আসবে না।
KHOKON