বাংলা কবিতা
পিসীমা আমার
কায়কোবাদ
পিসীমা আমার!
কোথায় গেলি গো তুই ত্যজিয়া আমারে!
হায়রে এ হৃদি তলে
ভীষণ অনল জ্বে'লে
ডুবাইয়ে এ পরাণ ঘোর হাহাকারে!
সারাটি জীবন তুই কাঁদিয়া কাঁদিয়া
অনাহারে অনাদরে
কত কষ্ট সহ্য ক'রে
অবহেলে এ জীবন দিলি কাটাইয়া
জন্মেছিলি তুই বুঝি সহিতে যাতনা,
জন্মিয়া সুতিকা ঘরে
যদিগো যেতিস্ ম'রে
হত না সহিতে তোর এ ঘোর লাঞ্ছনা!
পিসীমা আমার!-
কত পত্রে, কত ছত্রে করুণ ভাষায়,
কাতরে মিনতি ক'রে
এক মুষ্টি অন্ন তরে
কত কেঁদেছিলি, আমি শুনি নাই হায়!
শুনি নাই হায় তোর সে দীর্ঘ নিশ্বাস,
পর গৃহে উপবাসে
পড়ি মৃত্যু-শয্যা-পাশে
কেঁদেছিলে যবে, তুই হইয়া হতাশ!
কে জানিত তোর ভাগ্যে ঘটিবে এমন,
পর গৃহে-পর পাশে
হায় ভিখারিণী বেশে
অনাহারে অযতনে হারাবি জীবন!
KHOKON