বাংলা কবিতা
অতিজীবিত
শক্তি চট্টোপাধ্যায়
বাগানের গাছটিও বাড়বে রোদ্দুরে বৃষ্টিতে
আমার ফুল ফুটবে তুমি সৌরভ পাবে না
পুকুর ভাসবে সবুজপানায় নিরুৎসুক দ়ৃষ্টিতে
মুখ আমার ভাসবে আলোয় গৌরব পাবে না
একা-একাই তোমার বোনা গাছটি দেখবো ফুলটি দেখবো
বাগানে কোনো বড় গভীর ছায়ার তলায় ঘুমিয়ে পড়বো
জল আসবে বৃষ্টি আসবে ভাসবে দেহ সে-ও আসবে
শশাকুচির আমবাগানে তোমার স্পর্শ রাখবে না।
নতুন হাত নিড়ুনি করবে এধার-ওধার দু-চারটি ঘাস
পুঁই তুলবে, মাচা বাঁধবে কুমড়োলতা মাখবে না
পুরোনো নষ্ট শর্করায় নতুন কালো গাভীর পীযূষ
আমি মানবো সাপটে ধরবো নতুন বাগান, নতুন গাছটি
বেঁচে উঠবো সরল ঋজু রোদ্দুরে বৃষ্টিতে।
KHOKON